চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যপণ্য তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে জনসেবা ফার্মেসিকে ৬ হাজার টাকা এবং একই অপরাধে পাঠান ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
অভিযানের অংশ হিসেবে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
মাজেদুল ইসলাম সৌরভ, চাঁদপুর প্রতিনিধি 