বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন। ৭১ বছর বয়সে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করলেও গান থেকে নিজেকে দূরে রাখতে পারেন না তিনি। শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করলেই ফিরে যান স্টুডিওতে, মাইক্রোফোনের সামনে।
গত শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি স্টুডিওতে তার নতুন গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি। গানটির কথা লিখেছেন জমাদ্দার সবুজ এবং সুর ও সংগীতায়োজন করেছেন জীবন ওয়াসিফ। এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী সালমান রাজ।
নতুন গান প্রসঙ্গে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, “আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এই গানটি যখন পেলাম, শুনতে খুব ভালো লেগেছে। দারুণ সুর, কথাও অনেক সুন্দর। জীবন ওয়াসিফ মেধাবী সুরকার। আমি চাই, তার নাম ছড়িয়ে পড়ুক। আরও ভালো ভালো কাজ সে উপহার দিক। নিশ্চয়ই তার সঙ্গে আরও গান হবে আমার।”
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পী এখনও নতুন সৃষ্টি নিয়ে সমান উৎসাহী। সমসাময়িক অনেক শিল্পী আজ আর নেই, তবে সাবিনা ইয়াসমিনের সুরেলা কণ্ঠ এখনও শ্রোতাদের মুগ্ধ করে। শুধু নিজের প্রজন্ম নয়, নতুন প্রজন্মের শিল্পী ও সুরকারদের সঙ্গেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
গানই যে তার জীবনের সবচেয়ে বড় শক্তি—নতুন এই গান যেন আবারও সেই কথারই প্রমাণ দিল। ভক্তদের প্রত্যাশা, আগের মতোই নতুন গানটিও শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।
বিনোদন প্রতিবেদক 