গাইবান্ধা জেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার এবং মেয়াদোত্তীর্ণ ডিলারদের পুনরায় নবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা টিসিবি ডিলার বাঁচাও আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মো. জছিজার রহমান সুজা, এম এ রশিদ, আখতারুজ্জামান, শাহ আলম সেলিমসহ অন্যান্য ডিলাররা।
বক্তারা বলেন, টিসিবি সম্প্রতি ২০২৬ সালের জুন মাসে যেসব ডিলারের মেয়াদ শেষ হয়েছে, তাদের ডিলারশিপ পুনঃনবায়ন না করার নির্দেশনা দিয়েছে। এ সিদ্ধান্তে জেলার ডিলাররা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।
তাদের দাবি, গাইবান্ধা জেলায় বর্তমানে ১২৬ জন টিসিবি ডিলার রয়েছেন। অধিকাংশ ডিলারের বয়স ৪০ থেকে ৫৫ বছরের বেশি। এ বয়সে ডিলারশিপ বাতিল হলে তারা জীবিকা হারিয়ে চরম সংকটে পড়বেন। এছাড়া তাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ বা পণ্য বিতরণে অনিয়মের কোনো অভিযোগও নেই।
বক্তারা আরও বলেন, ২০২২ সালের ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালায় অভিযোগবিহীন ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনকারী ডিলারদের পরবর্তীতে নবায়নের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সংশোধিত ২০২৫ সালের নীতিমালায় সেই বিধানটি বাদ দেওয়া হয়েছে, যা বিদ্যমান ডিলারদের জন্য বৈষম্যমূলক।
মানববন্ধন থেকে বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ সংশোধন, মেয়াদোত্তীর্ণ ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার এবং অভিযোগবিহীন ও সফলভাবে দায়িত্ব পালনকারী ডিলারদের পুনরায় নবায়নের ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে জমা দেন।

গাইবান্ধা প্রতিনিধি